আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্টে নতুন যুগ, পেপল-পেওনিয়ারে লেনদেনের অনুমতি

দেশে ডিজিটাল আর্থিক সেবা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজ করতে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় চালু হওয়া ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) ব্যবহার করে এখন থেকে **পেপল (PayPal), পেওনিয়ার (Payoneer)**সহ বিভিন্ন আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক লেনদেন প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে গ্রাহকদের সেবা দিতে পারবে।
এই ব্যবস্থায় ব্যক্তি, ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় সহজে লেনদেনের সুযোগ পাবেন। চিকিৎসা, শিক্ষা, ব্যক্তিগত বা দাপ্তরিক ভ্রমণ, অনলাইন হোটেল বুকিং, ভিসা প্রসেসিং ফি, সদস্যপদ ফি এবং আইটি-সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক পেমেন্টের জন্য ডিভিএ ব্যবহার করা যাবে। ছোট পরিসরের আন্তর্জাতিক লেনদেনে প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত পরিশোধের সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের নামে ডিজিটাল ওয়ালেট বা ডিভিএ খোলা হলেও তা সংশ্লিষ্ট ব্যাংকের মাস্টার সেটেলমেন্ট অ্যাকাউন্টের অধীন পরিচালিত হবে। এতে রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
নতুন এই উদ্যোগে দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও রপ্তানিকারকরা বিদেশ থেকে আয় সহজে দেশে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ও পর্যটকেরাও দেশীয় মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্টের সুবিধা পাবেন।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক করবে এবং ভবিষ্যতে PayPal, Stripeসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনাও বাড়াবে।




