খেলাধুলা

‘আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি’: অশ্রুসিক্ত চোখে মেসির আবেগঘন বিদায়ী ভাষণ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের ২১ বছরের দীর্ঘ ও সোনালী অধ্যায়ের টানলেন লিওনেল আন্দ্রেস মেসি। বিদায়ী ম্যাচে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পর মাইক হাতে সমর্থকদের উদ্দেশে শেষ বক্তব্য দেন এই আর্জেন্টাইন মহাতারকা। কান্না ও হাসির এক মিশ্র আবেগ নিয়ে নিজের পুরো মন উজাড় করে দিয়ে জাতীয় দলের জার্সিতে তাঁর জীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বিদায়ী বক্তব্যের শুরুতেই সম্প্রতি প্রয়াত বাবা হোর্হে মেসিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। কিছুটা ইতস্তত করে তিনি বলেন:

“কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা। আমি কেবল আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়।”

আর্জেন্টিনা দলের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন:

“আমরা কখনও লড়াই থামাইনি, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। এই জার্সির জন্য আমরা সর্বদা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি—এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না।”

মাইক হাতে কথা বলার একপর্যায়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই অধিনায়ক। অশ্রুসিক্ত নয়নে তিনি যোগ করেন:

“এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। আমি চিরকাল এখানে থাকতে চাই—কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।”

বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্মৃতি রোমন্থন করে নিজের সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তিনি বলেন, তিনি সর্বদাই অসাধারণ বীর যোদ্ধাদের মাঝে পরিবেষ্টিত ছিলেন, যারা তাঁর প্রতিটি স্বপ্ন সত্যি করেছেন।

পরবর্তী প্রজন্মের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি দলকে ঘিরে কঠিন সময় ও সমালোচকদের বিষয়ে আগাম সতর্কবারাতাও দেন মেসি:

“এখন থেকে আমি মাঠের বাইরে অন্য পাশে থাকব—এই ছেলেদের এবং এরপর যারা আসবে তাদের সবার জন্য সমর্থন দিয়ে যাব। সামনে কঠিন সময় আসছে, আর সেই মুহূর্তগুলোতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ কিছু মানুষ আছে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়। মহৎ কিছু অর্জন করতে হলে আমাদের সবসময় ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।”

ভাষণের শেষভাগে এসে গ্যালারির লাখো ভক্তের হৃদয় ভেঙে ফুটবল আকাশের এই মহাতারকা বিদায় জানান:

“আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি আজ আমি গর্বিত।”

ফিনান্সিয়াল বার্তা/বি

ক্যাটাগরি