ইউজারদের ডেটা সুরক্ষায় বাড়াতে হোয়াটসঅ্যাপে এলো নতুন সুবিধা

ইউজারদের ডেটা সুরক্ষায় আরও এক ধাপ এগোল হোয়াটসঅ্যাপ। চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ ও সহজ করার জন্য জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যুক্ত করেছে নতুন পাসকি এনক্রিপশন ব্যবস্থা, যা ব্যবহারকারীদের হাতের ছাপ বা মুখের স্বীকৃতি দিয়েই ব্যাকআপ সুরক্ষিত করার সুযোগ দেবে।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ আনলো নতুন পাসকি এনক্রিপশন ফিচার। এই সুবিধার ফলে আর জটিল পাসওয়ার্ড বা দীর্ঘ ৬৪ অঙ্কের এনক্রিপশন কী মনে রাখতে হবে না। বরং স্মার্টফোনে থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে চ্যাট ব্যাকআপ এখন আরও দ্রুত ও নিরাপদে এনক্রিপ্ট করা যাবে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবার চ্যাট ব্যাকআপে এন্ড–টু–এন্ড এনক্রিপশন চালু করেছিল, যা সে সময় কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ছিল নজিরবিহীন। কিন্তু তখন ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করতে হতো বা ৬৪ অঙ্কের ব্যাকআপ কী সংরক্ষণ করতে হতো—যা ফোন হারালে বা নতুন ফোনে ডেটা স্থানান্তরের সময় ঝামেলার সৃষ্টি করত। নতুন পাসকি ব্যবস্থা সেই জটিলতা পুরোপুরি কমিয়ে এনেছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সেটিং সক্রিয় করতে অ্যাপের ‘চ্যাট’ মেনুতে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’-এ ক্লিক করে ‘এন্ড–টু–এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ অপশনে পাসকি এনেবল করতে হবে। সক্রিয় করার পর ব্যাকআপ ডেটা কেবলমাত্র ব্যবহারকারীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই অ্যাক্সেসযোগ্য থাকবে।
এই পাসকি এনক্রিপশন চালুর ফলে ব্যাকআপকৃত কোনো তথ্য চ্যাট হিস্টোরি, ছবি, ভিডিও বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ বা আইক্লাউড কেউই দেখতে পারবে না। সবকিছু থাকবে শুধুই ব্যবহারকারীর নিয়ন্ত্রণে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই নিরাপত্তা সুবিধা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।




