ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে বড় পরিবর্তন

অনলাইন বিনোদনের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ইউটিউব এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এনেছে নতুন পরিবর্তন। গুগল জানিয়েছে, অ্যাপের ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আরও মসৃণ ও আকর্ষণীয়ভাবে ভিডিও উপভোগ করতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রইয়েড পুলিশের তথ্য অনুযায়ী, নতুন ইউটিউব অ্যাপে আইকন ও মেনুর নকশা পরিবর্তন করা হয়েছে। এখন অ্যাপের আইকনগুলো আরও মোটা ও গাঢ় দেখাবে, যা ভিজ্যুয়ালি স্পষ্ট ও আকর্ষণীয়।
ভিডিও প্লেয়ারেও এসেছে দৃশ্যমান পরিবর্তন নতুন নকশায় প্লেয়ারের বাটন ও আইকনগুলো প্রায় স্বচ্ছ রাখা হয়েছে। ফলে ভিডিও চালানোর সময় আশপাশের বাটন চোখে না পড়ায় দর্শক আরও মনোযোগ দিয়ে ভিডিও দেখতে পারবেন। ইন্টারফেস পরিবর্তনের পাশাপাশি ইউটিউব যুক্ত করেছে ইন্টারঅ্যাকটিভ অ্যানিমেশন ফিচার। যেমন:
গান শুনতে শুনতে লাইক দিলে দেখা যাবে ছোট মিউজিক নোট।
ভিডিও প্লেলিস্টে যোগ করার সময় স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন প্রদর্শিত হবে।
এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ।
থ্রেডভিত্তিক মন্তব্য বিভাগ
নতুন অ্যাপে ইউটিউবের মন্তব্য বিভাগেও বড় আপডেট এসেছে। আগে কোন মন্তব্যের উত্তর কোনটির সঙ্গে যুক্ত তা বোঝা কঠিন ছিল, এখন তা থ্রেড আকারে দেখা যাবে। ফলে নির্দিষ্ট মন্তব্যের প্রতিক্রিয়া ও আলোচনাগুলো পড়া আরও সহজ হবে।
যেভাবে ব্যবহার করবেন
এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের গুগল প্লেস্টোর থেকে ইউটিউব অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। যদি নতুন নকশা কারও পছন্দ না হয়, তাহলে অ্যাপের ভেতর থেকেই ইউটিউবে মতামত জানানো যাবে।
গুগলের ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড সংস্করণের পর খুব শিগগিরই আইওএস ব্যবহারকারীদের জন্যও নতুন ইউটিউব ইন্টারফেস উন্মুক্ত করা হবে।



