এগিয়ে এলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে। এর আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ৬ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সভায় পরীক্ষার নতুন সূচি চূড়ান্ত করা হয়।
নতুন সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এবার মোট ৪০০ নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ করে মোট ৩০০ নম্বর এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ করে মোট ১০০ নম্বর থাকবে।
বাংলা, ইংরেজি ও গণিতের প্রতিটি পরীক্ষা তিন ঘণ্টার। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হলেও এ দুই বিষয়ের জন্যও মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই পরীক্ষা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো নতুন সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



