আন্তর্জাতিক

এবার হোয়াইট হাউজে মামদানিকে আমন্ত্রণ, সাক্ষাতের দিনক্ষণও স্পষ্ট করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউজে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র (মেয়র-ইলেক্ট) জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এটিই হতে যাচ্ছে এই মাসে নির্বাচিত হওয়া ডেমোক্রেটিক সোশ্যালিস্ট (সমাজতান্ত্রিক) এই নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক। খবর জিও নিউজের।

ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা সম্মত হয়েছি যে এই বৈঠকটি শুক্রবার, ২১ নভেম্বর, ওভাল অফিসে অনুষ্ঠিত হবে।’

মামদানি ও ট্রাম্প-দুজনই কিছুদিন আগেও একে অপরকে জনসমক্ষে সমালোচনা করেছেন। ট্রাম্প প্রকাশ্যে সমর্থন করেছিলেন মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুওমোকে।অন্যদিকে মামদানি ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমননীতি, এবং ইসরায়েল–গাজা যুদ্ধ চলাকালে বিক্ষোভ দমনের মতো নীতির কড়া সমালোচক।

মামদানি সোমবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনি প্রচারের সময় নিউইয়র্কবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালনের অংশ হিসেবেই আমার টিম হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে।’

মেয়র নির্বাচনের সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউইয়র্ককে বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বরাদ্ধ (ফেডারেল ফান্ডিং) বন্ধ করে দেবেন।মামদানি তার সফল প্রচারণার কেন্দ্রে রেখেছিলেন ট্রাম্পের বিভিন্ন নীতিকে মোকাবিলা করার প্রতিশ্রুতি-বিশেষ করে অভিবাসন ইস্যুতে। মামদানির ট্রানজিশন টিম ট্রাম্পের ঘোষণার বিষয়ে এখনও কোনো মন্তব্য জানায়নি। জোহরান মামদানি আগামী বছর (২০২৬ সাল) ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।

ক্যাটাগরি