রাজধানী

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে সারা দেশে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি পালন

বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি এসোসিয়েশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) সারা দেশে কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কলমবিরতি পালন করেছেন। শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সকল কৃষি সংশ্লিষ্ট দপ্তরে উপজেলা কৃষি অফিস, উপপরিচালকের কার্যালয়, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হর্টিকালচার সেন্টার ও কোয়ারেন্টাইন স্টেশনসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে কলম বিরতি পালন করেন।

রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চত্বরেও কর্মকর্তা-কর্মচারী সমবেত হয়ে কলম বিরতি পালন করে। এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন, পরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) মোঃ আব্দুর রহিম, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবউল্লাহ্, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং), মোঃ নূরে আলম সিদ্দিকী উপপরিচালক (ফল ও ফুল) হর্টিকালচার উইং, মো: মুরাদুল হাসান, উপপরিচালক (প্রশাসন) এবং সঞ্চালনা করেন কে, এম, বদরুল হক, প্রকল্প পরিচালক, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন প্রকল্প।

বক্তারা হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা-
কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

এসময় বিসিএস (কৃষি) এসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের স্থায়ী ব্যবস্থা গ্রহণে সরকারকে আহ্বান জানান।

এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হবে।

বিসিএস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসনের যথাযথ পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল কর্মকর্তা-কর্মচারী নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনে সক্ষম হবেন।

এর আগে গতকাল (সোমবার) বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে আজ কলম বিরতি কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচিরও ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে- ১১ নভেম্বর কলমবিরত, ১২ নভেম্বর অবস্থান কর্মসূচি, ১৩ নভেম্বর দেশের সকল কৃষি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আজকে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।

ক্যাটাগরি