রাজধানী

‘কোনো দলের তোষামুদি না করলে ভবিষ্যৎ অনিশ্চিত’: সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে স্টুডিওর ভাঙচুরের চিত্র তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো দলের তোষামদি না করলে এ দেশে নিরাপত্তা ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না! বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত। তিলে তিলে গড়া স্বপ্নগুলোকে এভাবেই ধ্বংস করে দেওয়া হয় এ দেশে।’

তিনি আরও বলেন, স্টুডিও ভাঙচুরের পরও তিনি থেমে যাবেন না এবং ভবিষ্যতে এর চেয়ে ভালো কিছু করে দেখাবেন।

সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠিত ব্রাউনফিশ স্টুডিওটি রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় অবস্থিত। হামলার ঘটনায় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি, আসবাব ও সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত বা লুট হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ ব্যক্তি সেখানে ঢুকে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও অস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় স্টুডিওতে থাকা কয়েকজন কর্মী টয়লেটে গিয়ে আশ্রয় নেন। সেখানেও গিয়ে তাদের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

লাইভে সালমান মুক্তাদির বিএনপির কর্মীদের উদ্দেশে বলেন, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সালমান মুক্তাদিরের অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন প্রতিবেদনে চাঁদা দাবির বিষয়টি উঠে এসেছে।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি