জাতীয়

চলতি অর্থবছরে ২.৫৬ লাখ ধর্মীয় কর্মী পাবেন সরকারি সম্মানি, বরাদ্দ ১,১০০ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, যাজক, সেবাইত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তি সরকারি মাসিক সম্মানি ভাতা পাবেন। এ কর্মসূচি বাস্তবায়নে জাতীয় বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংশ্লিষ্ট সেলের সপ্তম সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা। প্রথম বছরে মোট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবার ভাতার আওতায় আসছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধ বিহারের ১ হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন ধর্মীয় কর্মী।

ভাতার হার অনুযায়ী, ইমাম, পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকরা মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমরা ২ হাজার টাকা করে পাবেন। এছাড়া প্রত্যেক সুবিধাভোগী বছরে ২ হাজার টাকা উৎসব ভাতাও পাবেন।

সরকার জানিয়েছে, ভাতার অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি