অর্থনীতি

চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন বাংলাদেশি চিকিৎসার প্রয়োজনে বছরে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বিদেশে খরচ করতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা এবং পেশাগত কোর্সের খরচ পাঠানোর নিয়মও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। এর বেশি বৈদেশিক মুদ্রা ছাড় করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

এ সিদ্ধান্ত কার্যকর করতে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

এদিকে একই সার্কুলারে বিদেশে শিক্ষা খরচের অর্থ পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচের জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না।

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচের জন্যও এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো।

অন্যদিকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রেও শর্ত নির্দিষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ক্যাটাগরি