চীন-নেপাল সীমান্তে বন্যা-ভূমিধসে মৃত ১,২২৫, নিখোঁজ প্রায় ৫ হাজার

চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন।
বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই দুর্যোগে সীমান্তের তিব্বত অংশে আরও ২১ জন নিহত ও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ এবং নিখোঁজ ৪ হাজার ৭৫৭ জনে।
গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সেই স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে নেমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য হিন্দু



