ছয় মাসের মাথায় বাড়ছে তারেক রহমানের মন্ত্রিসভা, শপথ নেবেন নতুন ৫ জন

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বাড়ছে। নতুন করে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পাশাপাশি একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নতুনদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং হুমায়ুন কবির।
এর মধ্যে ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী পূর্ণমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন। তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন কি না, তা প্রজ্ঞাপন জারির পর নিশ্চিত হবে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুনদের কয়েকজন বঙ্গভবনে পৌঁছেছেন।
দায়িত্ব বণ্টনে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। হুমায়ুন কবিরের দফতর এখনও চূড়ান্ত হয়নি।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে। তবে চূড়ান্ত দায়িত্ব বণ্টন রাষ্ট্রপতির শপথ ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের পর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যাবে।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পরবর্তী সময়ে কয়েকটি মন্ত্রণালয়ে পদত্যাগ ও দায়িত্ব পরিবর্তনের কারণে মন্ত্রিসভায় কিছু শূন্যতা তৈরি হয়। এবার নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে সেই শূন্যতা পূরণের পাশাপাশি মন্ত্রিসভার আকারও বাড়ছে।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




