জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং এর প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। অধিবেশনে শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
এ ছাড়া সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব শান্তি ও শান্তিরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তাঁর সফরকে ঘিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশগ্রহণের সূচি রয়েছে।



