জাতীয়

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে তিনি প্রথমে নিউইয়র্কে যাবেন। পরে তাঁর সান ফ্রান্সিসকো সফরেরও কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাঁর সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে মালয়েশিয়া ও চীন সফরের পর এবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন আয়োজনে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে সান ফ্রান্সিসকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করবে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। গত শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে জানান, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামির প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি