জাতীয়

জাতীয় পরিবেশ পদক-২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে সম্মাননা পেয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে পদক অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে সম্মাননা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে পদক অর্জন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ঢাকা বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, যা উদ্বেগজনক। তিনি পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সভাপতিত্ব করেন। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি