জাতীয়

জানুয়ারি-জুলাইয়ে নিখোঁজ ১৫,৭১৭ শিশু, উদ্ধার ১৩,৬৭৯

সংগৃহীত ছবি

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ‘১৫ হাজারের অধিক শিশু নিখোঁজ’ হওয়ার খবর প্রকাশিত হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা—কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে—সে তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি স্পষ্ট করতে পুলিশ সদর দপ্তর স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই করে। এতে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। তাদের মধ্যে ৪০৬ জন উদ্ধার হয়েছে এবং ৬৮ জন এখনো উদ্ধার হয়নি।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী নিখোঁজ শিশুর সংখ্যা ১৫ হাজার ২৪৩। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ছোট শিশুদের ক্ষেত্রে পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, নিজের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ, স্বাধীনভাবে চলার আকাঙ্ক্ষা, বন্ধু বা সহপাঠীদের প্রভাব এবং বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, অনলাইন জিডি ব্যবস্থা চালুর ফলে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা আগের তুলনায় বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজের জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি