জাতীয়

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তা‌র

ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতারের পর ডিবি তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২ অক্টোবর) রাতে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে ডিবি।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন। ডিবির পক্ষ থেকেও তার গ্রেফতারের তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা, হুমকি ও মারধরের অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ নভেম্বর দিন নির্ধারণ করেছেন। মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৪ জনের একটি দল ঢাকায় ফেরে। বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রলি সংগ্রহ ও লাগেজ নিয়ে ভোগান্তির সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়।

অভিযোগ অনুযায়ী, পরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় আখতারুজ্জামানের বিরুদ্ধে তাকে হুমকি ও অশোভন আচরণের অভিযোগ আনা হয়। একই ঘটনায় নিরাপত্তা সুপারভাইজারকেও মারধরের অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করে ডিবি। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি