জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (২.২৯৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৮ কোটি টাকা।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২২ থেকে ২৫ জুলাই—এই চার দিনে দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। এর আগে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী আয় ছিল ২১৭ কোটি ডলার।
গত বছরের একই সময় দেশে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২০.৬ শতাংশ বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



