জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আগামী তিন মাসে সর্বোচ্চ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই পরিবর্তন ঠেকিয়ে রাখতে পারবে না।

সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দেওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’—এই লক্ষ্য সামনে রেখে প্রত্যেককে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার জন্য সময় দিলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজেদের বাড়ি, আশপাশের এলাকা ও কর্মস্থল পরিষ্কার রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তন সম্ভব—এটি দেখিয়ে দিয়েছে। এবার রাষ্ট্রকে পরিবর্তনের পাশাপাশি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চলবে তিন মাসের বিশেষ অভিযান

সরকারের উদ্যোগে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এ জন্য সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি