রাজধানী

ঢাকাসহ বিভিন্ন রুটে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস

ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

বিআরটিসি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে প্রাথমিকভাবে কয়েকটি রুটে এসব বাস চলাচল করবে। মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা, নতুন বাজার, তালতলা ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকা থেকে মতিঝিল পর্যন্ত বাস চলবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর, বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও বিশেষ বাস চালু করা হয়েছে।

রাজধানীর উল্লেখযোগ্য রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল ও আব্দুল্লাহপুর-মতিঝিল।

বিআরটিসি সূত্র জানিয়েছে, নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে বিশেষ বাসগুলো পরিচালনা করা হবে। এর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও বাড়বে।

প্রাথমিকভাবে নির্ধারিত রুটগুলোতে সার্ভিস চালুর পর প্রয়োজন অনুযায়ী এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

ক্যাটাগরি