ঢাকা-খুলনাসহ যেসব এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. আবদুল হাদিম মিয়া স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থান করা স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হতে পারে।
অন্যদিকে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আগামীকাল রোববার ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রোববার থেকে সার্বিকভাবে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সার্বিক আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।



