মতামত

তথ্যপ্রযুক্তির দাপুটে পথচলায় অবরুদ্ধ প্রকৃতি

তথ্যপ্রযুক্তি (ICT) আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে। যোগাযোগ, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, বিনোদন- সবকিছুতেই প্রযুক্তির দাপুটে পথচলা। কিন্তু এই এগিয়ে চলার পেছনে প্রকৃতি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বহু মানুষ খেয়াল করে না। সার্ভার, ডেটা সেন্টার, নেটওয়ার্ক টাওয়ার- সবকিছুর জন্য বিশাল পরিমাণ জমি, বিদ্যুৎ ও পানি লাগে। এই অসীম চাহিদা প্রকৃতিকে ধীরে ধীরে সংকুচিত করছে। তা ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নদীর নাব্যতায় বড় বাধা হয়ে দাঁড়ায়। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে অবরুদ্ধ হয়ে যায় চলার পথ। এতে প্রকৃতির নান্দনিক চলার পথ অবরুদ্ধ হয়ে শীর্ণ হয়ে ওঠে। মানবসভ্যতার তথ্যভাণ্ডারগুলো চালাতে আজ বিপুল শক্তি ব্যয় হয়। শুধু একটি বড় ডেটা সেন্টারই প্রতিদিন ছোট একটি শহরের সমান বিদ্যুৎ ব্যবহার করে। এতে চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ে। ফলে নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড, যা জলবায়ু পরিবর্তনে মূল চালিকাশক্তি। শীতাতপ নিয়ন্ত্রণ (Cooling system) চালাতে লাগে প্রচুর পানি ও বিদ্যুৎ। নতুন টাওয়ার বসাতে বনভূমি, গ্রাম বা জীববৈচিত্র্যের আবাসস্থল নষ্ট হয়। উন্নত নেটওয়ার্ক মানে আরও শক্তিশালী টাওয়ার, যা এলাকার ক্ষুদ্র পাখি ও প্রজাপতির অভিবাসনে প্রভাব ফেলে। প্রতিবছর কোটি কোটি স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, চার্জার, ব্যাটারি বাতিল হয়। এগুলোর পুনর্ব্যবহার না হলে বিষাক্ত রাসায়নিক (লেড, মার্কারি, ক্যাডমিয়াম) মাটিতে ও পানিতে মিশে পরিবেশ দূষণ করে। তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতি দ্রুত নগরায়ণ সৃষ্টি করে। আইটি পার্ক, প্রযুক্তি শহর, ডেটা হাব তৈরি- এসবের আড়ালে ব্যাপক বন উজাড় হয়। গ্রাম থেকে মানুষ শহরে কাজে আসে, ফলে শহর প্রসারিত হয়, জমি কমে যায়, খাল-বিল ভরাট হয়। প্রাণবৈচিত্র্যের ওপর চাপ পড়ে। আলোদূষণ (Light pollution ও শব্দদূষণ (Noise pollution) প্রাণীর স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায়। পাখির দিকজ্ঞান নষ্ট হয়। নিশাচর প্রাণীর আচরণ বদলে যায়। তাপমাত্রা বৃদ্ধি ও বাসস্থান ধ্বংসের কারণে বহু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে থাকে। তবে প্রযুক্তি আবার সমাধানও দিতে পারে। যদিও তথ্যপ্রযুক্তি প্রকৃতিকে অবরুদ্ধ করছে, তবে একই প্রযুক্তি আবার পরিবেশ রক্ষারও শক্তিশালী হাতিয়ার। পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থাপনা (Solar/wind monitoring), স্মার্ট কৃষি, জলবায়ু গবেষণা ও দুর্যোগ পূর্বাভাস কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল ব্যবস্থাপনা স্মার্ট সিটি পরিকল্পনা করতে থাকে। তথ্যপ্রযুক্তি আমাদের জীবনকে উন্নত করছে ঠিকই কিন্তু তার দ্রুত ও সীমাহীন বিস্তার প্রকৃতিকে চাপে ফেলছে।

নদীর নাব্যতা বলতে সাধারণত নদীর গভীরতা, গতিপ্রবাহ, পানির স্বাভাবিক চলাচল ও পরিবেশগত ভারসাম্য- এ সবকিছুর সম্মিলিত অবস্থা বোঝায়, যা নদীকে চলাচলের উপযোগী করে। তাপবিদ্যুৎ কেন্দ্র (Thermal power plant) নির্মাণ ও পরিচালনা নদীর এই নাব্যতার ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। নদীর পানি ব্যাপক হারে উত্তোলনের ফলে নদীর নাব্যতা হ্রাস পায়। তাপবিদ্যুৎ কেন্দ্র শীতলীকরণের (Cooling) জন্য প্রচুর পরিমাণ নদীর পানি টেনে নেয়। ফলে নদীর পানির স্তর কমে যায়। শুষ্ক মৌসুমে নাব্যতা দ্রুত নেমে যায়। নৌচলাচল ব্যাহত হয়। অনেক স্থানে এ কারণে নদীর মাঝ বরাবর বালুচর দেখা দিতে শুরু করে। বিদ্যুৎ উৎপাদনের পর গরম পানি আবার নদীতে ফেলা হয়। এর ফলে নদীর পানির তাপমাত্রা বেড়ে যায়। পানির ঘনত্ব, অক্সিজেনের মাত্রা এবং প্রবাহের বৈশিষ্ট্য বদলে যায়। নদীর পলি জমার ধরন পরিবর্তন হয়। নাব্যতা কমে যায়, কারণ উষ্ণ পানি সেডিমেন্ট দ্রুত জমা করতে পারে। মানুষের শহরমুখিতার জন্য গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। জমি অনাবাদি ও অরক্ষিত হচ্ছে। ঐতিহ্যবাহী কৃষিধারা ভেঙে পড়েছে। ফলে সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ কর্মসংস্থান, আধুনিক সুযোগ-সুবিধা, শিক্ষা ও চিকিৎসা সুবিধার জন্য শহরমুখী হচ্ছে প্রতিনিয়ত। সেই কাকডাকা ভোর, ভোরের ধোঁয়া, সবুজ ধানের দোল- সবই আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের পরিবর্তিত জীবনের কারণে। তা ছাড়া গ্রামে ইটভাটার জন্য কৃষিজমির উপরিভাগ কাটতে কাটতে জমির উর্বরতা, উৎপাদন ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। পোড়ানো ইটের ধুলা, ধেঁাঁয়ায় আকাশ ঘোলা থাকে সব সময়। ইটভাটার তাপমাত্রায় জীববৈচিত্র্যের আবাসস্থল, পরিবেশ- সব ধ্বংস হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। পল্লী প্রকৃতির জলাধার নষ্ট হয়ে প্রকৃতির বিরূপতা বৃদ্ধি পাচ্ছে। বাঁশঝাড়, গহিন ঝোপ, বাগান, পুকুর, খাল, বিল উজাড় হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে গ্রামের সজীবতা। তাই তথ্যপ্রযুক্তি আমাদের জীবনমান উন্নত করলেও অবরুদ্ধ হয়ে আসছে আমাদের গ্রাম জনপদের সজীবতা। বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোয় অধিক জনসংখ্যার ভারে অর্থনীতির চাকা ন্যুব্জ হয়ে আসছে অপরিকল্পিত জীবনব্যবস্থার কারণে।

বিমলেন্দু রায় : কবি ও প্রাবন্ধিক, সাবেক উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক

 

ক্যাটাগরি