তারেক রহমানের সঙ্গে ঢাকায় ‘জেবু’, বিড়ালটির নামে অফিশিয়াল ফেসবুক পেজ চালু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরলেন। তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় ফিরেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের কিছুক্ষণ পরই বিষয়টি জানানো হয় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে। সঙ্গে জুড়ে দেয়া হয় ছবি। ক্যাপশনে লেখা, ‘দেশে ফিরেছে জেবু’ এই কয়েকটি শব্দেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় আলাদা এক আলোচনা।
এরই মধ্যে বিড়ালটির ঢাকায় আসার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে পুরো পরিবারের প্রিয় সদস্য। এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের পাশে দেখা গেছে জেবুকে। কখনো মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা ছবি, কখনো পরিবারের সঙ্গে নির্ভার মুহূর্ত এসব ছবিই জেবুকে এনে দেয় অপ্রত্যাশিত জনপ্রিয়তা।
এই জনপ্রিয়তার রেশ ধরে দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘জেবু’র নিজস্ব ফেসবুক পেজ। হালকা, কৌতুকপূর্ণ ও স্যাটায়ারধর্মী কনটেন্টে সাজানো পেজটি ইতোমধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণ নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন।
জেবুকে নিয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব আদর করি। রাজনৈতিক কর্মসূচি, গণসংবর্ধনা আর দীর্ঘ নির্বাসনের অবসানের ভিড়ে জেবুর এই উপস্থিতি যেন তারেক রহমানের প্রত্যাবর্তনের গল্পে যোগ করেছে এক মানবিক আর ভিন্ন অনুভূতির অধ্যায়।
উল্লেখ্য, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিয়েছেন তারেক রহমান। পরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।



