তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ট্রাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ আগ্রহের কথা জানিয়েছেন। একই চিঠিতে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ ও মনোযোগ তিনি ভুলবেন না বলেও চিঠিতে জানান।
চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
চিঠির শেষাংশে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আলোচনা হয়। এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



