তারেক রহমান আগামী দুই দিন কোথায় যাবেন, কী করবেন

যুক্তরাজ্য থেকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপি জানিয়েছে, দেশে ফেরার প্রথম দিনটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পালন করেছেন তিনি। আগামী শুক্রবার ও শনিবার তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির খসড়া তুলে ধরেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ।
বুধবার জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় নায়ক জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে তারেক রহমান যাচ্ছেন কি না তা পরে জানা যাবে। একই দিন ভোটার হওয়ার কার্যক্রমও সম্পন্ন করবেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখা করবেন। এ ছাড়া ওই দিন আরও একটি অনুষ্ঠান হবে, যার বিস্তারিত পরে জানানো হবে।



