দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৬৯১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১ জন। মারা যাওয়া সব শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭২১ জনের।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৭৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা গ্রহণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




