অর্থনীতি

দেশে খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কিছুটা কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে বড় অঙ্কে বেড়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। তবে বেসরকারি ব্যাংকগুলোতে বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমলেও বেসরকারি ব্যাংকগুলোর ঋণখেলাপির পরিমাণ বেড়েছে ব্যাপকভাবে।

ফলে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমার পরও বেসরকারি ব্যাংকে বড় অঙ্কের ঋণ বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ঋণ আদায় পরিস্থিতি এবং ব্যাংক খাতের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের দ্রুত বৃদ্ধি আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ঋণ আদায় জোরদার, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ক্যাটাগরি