দ্বিতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে মুনাফায় বাটা স্যু বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি বাটা স্যু বাংলাদেশ লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৭ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে প্রতিষ্ঠানটি।
চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৮৭ পয়সা।
এদিকে, ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৬১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ টাকা ৩৫ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২১৫ টাকা ৮ পয়সা। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় প্রত্যাবর্তনের পাশাপাশি নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি আয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।



