নভেম্বরের প্রথম ৭ দিনে এলো ৮৭৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩২ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। বিপরীতে চলতি বছরের একই সময়ে এসেছে ৮৭৯ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, নভেম্বরের ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত মাত্র তিন দিনেই দেশে ২৩১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিট্যান্স প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অর্থ।



