নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৬৯১ নিখোঁজ ২ হাজার ৯৫৪

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৯১ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম এলাকাগুলোতে নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ৬৭৫ জন নিহত এবং ২ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার ফলে আকস্মিক পানির স্রোত তৈরি হয়ে এ ভয়াবহ বন্যা হয়ে থাকতে পারে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দেশটিতে আটকে পড়া ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩২০ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের ১৬৭ জন এবং চীনের ৪০ জন নাগরিক রয়েছেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।
সীমান্তবর্তী দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। তবু নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



