পাউরুটিতে ক্যানসারঝুঁকির রাসায়নিক বন্ধে হাইকোর্টের রুল

পাউরুটি উৎপাদনে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধ এবং বাজারজাতকরণের সময় প্যাকেটে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে পাউরুটির প্যাকেটে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার না করার ঘোষণা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পাউরুটিতে ক্ষতিকর এ রাসায়নিকের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে খাদ্য মন্ত্রণালয় সচিব, বিএসটিআই মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং প্রাণ ফুডের ব্যবস্থাপনা পরিচালক, নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেফ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, ডেনিস ফুডের ব্যবস্থাপনা পরিচালক, (ফ্রেশ) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক, আকিজ ফুডের ব্যবস্থাপনা পরিচালক এবং হক ফুডের ব্যবস্থাপনা পরিচালককে এরুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন জনস্বার্থে রিটটি দায়ের করে। রিটে পাউরুটি উৎপাদন ও বাজারজাতকরণের সময় ব্যবহৃত উপকরণ সম্পর্কে স্পষ্ট ঘোষণা এবং পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
রিটে বলা হয়, ২০২১ সালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেট পাওয়া গিয়েছিল। এসব নমুনায় রাসায়নিকটির মাত্রা ছিল ৩ দশমিক ৩১ থেকে ১২ দশমিক ৯১ পিপিএম।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পাউরুটি ও অন্যান্য বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) ও পটাশিয়াম আয়োডেট (KIO₃) ব্যবহার নিষিদ্ধ। নতুন রুলের মাধ্যমে নিষিদ্ধ রাসায়নিকটির ব্যবহার বাস্তবে বন্ধ এবং ভোক্তাদের তথ্য জানানো নিশ্চিত করার বিষয়টি আবারও আদালতের নজরে এসেছে।
এফ বার্তা/ এইচ




