জাতীয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে

ছবি: সংগৃহীত
টানা ২১ ঘণ্টার আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে বোর্ড। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। শিগগিরই সিদ্ধান্তটি গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ বিষয়ে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, নতুন মজুরি কাঠামোর প্রথম থেকে তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন বোর্ডের চার সদস্য। বাকি দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

চার গ্রেডে নতুন মজুরি কাঠামো

নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে রয়েছেন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট।

তৃতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। এ গ্রেডে রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা।

দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২০ হাজার টাকা। এ গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর এবং বিশেষায়িত কাজের সিনিয়র হেলপাররা।

অন্যদিকে প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এ গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটর।

এ ছাড়া যেসব শ্রমিক ইতোমধ্যে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতন সর্বনিম্ন ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে কারখানার সক্ষমতা অনুযায়ী মালিকপক্ষ চাইলে এর চেয়ে বেশি বেতন দিতে পারবে।

শ্রমিকপক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দর-কষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা শেষে শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান। এরপর নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে আলোচনা চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময়ে উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিক আন্দোলনের সময় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০টি কারখানা বন্ধ থাকলেও এ ধরনের ঘোষণা দেওয়া হয়নি। অতীতে আন্দোলন দমনে গুলির ব্যবহার দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। পাশাপাশি শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের একটি অংশ আন্দোলন চালিয়ে গেছেন। কেউ কেউ অন্যের স্বার্থে আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে এখনো শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বাবুল আখতার আরও বলেন, মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে আন্দোলন হলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে। আর কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং কাউকে হয়রানি না করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে মজুরি বোর্ড বলে জানান তিনি।

ক্যাটাগরি