রাজধানী

প্যাডেল স্টিমার পি এস মাহসুদ পর্যটনের এক অনন্য মেলবন্ধন

ছবি সংগৃহীত

নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘প্যাডেল স্টিমার পি এস মাহসুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। এটা কেবল একটি নৌযান নয়, বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক।’

শনিবার (১৫ নভেম্বর) সকালে পুনরায় চালু হতে যাওয়া শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ–এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ ‘পর্যটক সার্ভিস’ হিসেবে ‘পিএস মাহসুদ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে এক নৌবিহারেও অংশ নেন।

উপদেষ্টা আরো বলেন, ‘আগামী ২১ নভেম্বর শুক্রবার থেকে ঢাকা–বরিশাল নৌরুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলাচল শুরু করবে।’
নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।’

তিনি বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক, কীভাবে একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ।’
উপদেষ্টা জানান, ‘পি এস মাহসুদ–এর পাশাপাশি পি এস অস্ট্রিচ, পি এস লেপচা ও পি এস টার্নসহ আরও কয়েকটি পুরোনো স্টিমার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য— নদীপথের ঐতিহ্য সংরক্ষণ ও নদীভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে বিস্তৃত করা।’

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি বলেন, ‘প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশ–বিদেশের বহু পর্যটককে আকর্ষণ করবে। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের পরিবেশনাসহ নানা ব্যবস্থা রাখা হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ জানান, ‘স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে আধুনিক কেবিন, পর্যটক–বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা রয়েছে।’

বিআইডব্লিউটিসি জানায়, স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে। যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফবোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া–নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে। প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন ঢাকা থেকে বরিশাল যাবে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল ৮টায় ঢাকার সদরঘাট থেকে ছাড়বে, বরিশাল পৌঁছবে রাতে। আগে স্টিমার চলাচল করত রাতে; তবে এবার দিনে স্টিমার চালু করায় নদী ও তীরের দৃশ্য উপভোগে মানুষ আরও আগ্রহী হবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

উল্লেখ্য, ইংল্যান্ডের ফরোয়ার্ড ইয়ার্ডে নির্মিত পিএস মাহসুদ বিচ্ছিন্ন অবস্থায় এনে ১৯৩৮ সালে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সংযোজন শেষে উপমহাদেশের বিভিন্ন রুটে চলাচল শুরু করে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় অন্য আরো অন্তত ২৫টি প্যাডেল জাহাজের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিস্যায় পড়ে পিএস মাহসুদ। সে হিসেবে নৌযানটি নবগঠিত ‘পাকিস্তান রিভার স্টিমার্স–পিআরএস’র তত্ত্বাবধানে ঢাকা-বরিশাল নৌপথে মেইল সার্ভিস এবং নারায়ণগঞ্জ-বরিশাল-খুলনা নৌপথে রকেট সার্ভিসেও দীর্ঘদিন চলাচল করে।

১৯৭৮ থেকে ’৮২ সালে বেলজীয় সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় অপর দুটি নৌযানের সাথে ‘পিএস মাহসুদ’ও কয়লা চালিত ইঞ্জিনের পরিবর্তে মেরিন ডিজেল ইঞ্জিন সংযোজনসহ পরিপূর্ণ পুনর্বাসন করা হয়। কিন্তু ত্রুটিপূর্ণ হাইড্রোলিক গিয়ার-এর কারণে মাত্র ৩ হাজার ঘণ্টা চলাচলের পরেই পুনর্বাসনকৃত ৩টি নৌযানই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৪-৯৫ অর্থবছরে সবগুলো নৌযানেই হাইড্রোলিক গিয়ার-এর পরিবর্তে মেকানিক্যাল গিয়ার সংযোজনসহ আরেক দফা পুনর্বাসন শেষে চালু করা হয়।

ক্যাটাগরি