প্রধানমন্ত্রীর কাছে আবাসন খাত উন্নয়নে রিহ্যাবের ৬ দফা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০২৬ ৯:১৫ : অপরাহ্ণ
দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের কাছে ৬ দফা প্রস্তাব দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এসব প্রস্তাব তুলে ধরেন।
রিহ্যাব জানায়, বর্তমানে আবাসন খাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি সিমেন্ট, রড, ইট, সিরামিক, কাচ, রং, বৈদ্যুতিক সরঞ্জাম, ফার্নিচার ও পরিবহনসহ ৩০০টির বেশি শিল্প এ খাতের ওপর নির্ভরশীল।
রিহ্যাবের ৬ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জন্য পিপিপি ভিত্তিক আবাসন কর্মসূচি, মধ্যবিত্তের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ, নিবন্ধন ব্যয়, ভ্যাট ও কর কাঠামো যৌক্তিকীকরণ, জমির মালিকদের ওপর আরোপিত ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার এবং ভবন পরিকল্পনা অনুমোদন ও নিবন্ধন প্রক্রিয়ার পূর্ণ ডিজিটালাইজেশন।
সাক্ষাতে ড. আলী আফজাল বলেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন পূরণ সহজ হবে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকার পরিকল্পিত, টেকসই ও বিনিয়োগবান্ধব আবাসন খাত গড়ে তুলতে কাজ করছে। তিনি ঢাকা-কেন্দ্রিক নগরায়ণের পরিবর্তে সারাদেশে ভারসাম্যপূর্ণ উন্নয়ন, কৃষিজমি সংরক্ষণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে সাশ্রয়ী আবাসন নির্মাণে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী রিহ্যাবের উপস্থাপিত যৌক্তিক প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং রিহ্যাব ও আবাসন খাতের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।