জাতীয়

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনে তার অংশ নেওয়ার কথা ছিল।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে এই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

এর আগে, গত জুলাইয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পাঠানো আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই সফরের প্রস্তুতি চলছিল।

সূত্র জানিয়েছে, সফর নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও ঠিক করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

এফআইআই সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বড় বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে গণ্য করা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

 

ক্যাটাগরি