প্রান্তিক গ্রাহকদের সেবায় সাউথইস্ট ব্যাংকের নতুন ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রেখে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’-এর আওতায় নতুন ৭টি আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছে। আউটলেটগুলো সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল এবং বগুড়ায় অবস্থিত।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একযোগে এই ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার প্রধানগণ এবং নতুন ৭টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ্’—ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাসমূহ প্রদান করা হবে।
এ ছাড়া গ্রাহকরা সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’-এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বিও (BO) হিসাব খোলা ও শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি প্রদান এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
পাশাপাশি গ্রাহকগণ রিসাইক্লার এটিএম (Recycler ATM)-এর মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



