ফাইন্যান্স কোম্পানির তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ (এফসিআরপিডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে নতুন নতুন পণ্যের প্রচলন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়নের ফলে ব্যবসায়িক, আইনি ও প্রযুক্তিগত ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলা এবং প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ জরুরি। এ কারণে গুরুত্বপূর্ণ তিন পদে নিয়োগের যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এই তিন পদে সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। নিয়মিত অথবা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া গেলেও খণ্ডকালীন ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া যাবে না।
প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের যোগ্যতা
প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ফাইন্যান্স কোম্পানির ঋণ বা বিনিয়োগ স্থিতির ভিত্তিতে অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ স্থিতি এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানে এ পদে নিয়োগ পেতে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ স্থিতি এক হাজার কোটি টাকা বা তার কম, সেসব প্রতিষ্ঠানে এ পদে নিয়োগের জন্য কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় এমবিএম অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান কিংবা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) বা সমমানের পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
এ ছাড়া আর্থিক প্রতিবেদন তৈরি, কর নিরূপণ, প্রভিশনিং, আর্থিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন তৈরি, তারল্য ও মূলধন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) পরিপালনে দক্ষতা থাকতে হবে।
প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগের শর্ত
প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগের জন্য তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
এ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বা প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বিকল্প হিসেবে আইসিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ (পিজিডি) আইটি, আইসিটি বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও নিয়োগের যোগ্যতা বিবেচিত হবে। তবে আইটি ও কম্পিউটার বিজ্ঞানে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি অনুমোদিত বা নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য অথবা সহযোগী সদস্য হতে হবে।
এ পদে নিয়োগের ক্ষেত্রে আইটি নীতিমালা ও পরিকল্পনা, আর্থিক নেটওয়ার্ক পরিচালনা, আর্থিক তথ্যব্যবস্থা, সাইবার নিরাপত্তা, পেমেন্ট প্রযুক্তি, আইটি ও ডেটা গভর্ন্যান্স, ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা এবং ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
কোম্পানি সচিব নিয়োগে যোগ্যতা
কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে আট বছরের কার্যকরী অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমমানের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলেও নিয়োগের যোগ্যতা বিবেচনা করা হবে।
এ পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি (সিএস) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।
নিয়োগে সততা ও আর্থিক স্বচ্ছলতার শর্ত
তিন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি চারিত্রিক সততা এবং চাকরির রেকর্ড যাচাইয়ের শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ফৌজদারি আদালতে দণ্ডিত হতে পারবেন না। নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইনের কোনো ধারা লঙ্ঘনের দায়েও দণ্ডিত হওয়া যাবে না।
অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত কিংবা শর্তযুক্ত অব্যাহতি পাওয়ার ইতিহাস থাকা যাবে না। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি খাতে বা নিজ পেশায় দায়িত্ব পালনকালে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির ঋণখেলাপি কিংবা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হতে পারবেন না।
এ ছাড়া নিয়োগকারী ফাইন্যান্স কোম্পানির সঙ্গে তার কোনো ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না। নিজের যোগ্যতায় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অন্য ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক বা অন্য কোনো পদে দায়িত্ব পালনের সুযোগও রাখা হয়নি।
নিয়োগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না
সার্কুলারে ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ বা ক্ষেত্রবিশেষে প্রধান নির্বাহী কর্মকর্তাকে এসব কর্মকর্তার কার্যপরিধি ও দায়িত্ব নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাসেল কমিটি অন ব্যাংক সুপারভিশনের প্রণীত ‘করপোরেট গভর্ন্যান্স প্রিন্সিপলস ফর ব্যাংকস’ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করপোরেট গভর্ন্যান্স কোড বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তিন পদে নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না। তবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা ও উপযুক্ততার বিষয়টি সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিকে নিশ্চিত করতে হবে। তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য কোম্পানির বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে আগে জারি করা নির্দেশনাও পরিপালন করতে হবে।
বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোতে কর্মরত প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিবদের নতুন সার্কুলারে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি থাকলে তা ৩১ ডিসেম্বর ২০২৯ সালের মধ্যে পূরণ করতে হবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ



