জাতীয়

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা, আজ রাত থেকেই কার্যকর

ছবি: সংগৃহীত

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন এ দাম বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে।

বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী সময়ে আরও কমিয়ে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামানো হয়েছিল।

এবার সেই দাম থেকে এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা করা হলো।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়।

এরপর জানুয়ারিতে গণশুনানি করে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তখন থেকে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে কমিশন।

ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে নতুন দাম কার্যকর হওয়ার পর এসব খাতে জ্বালানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি