বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




