বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আসতে পারে শৈত্যপ্রবাহও

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত করতে পারেননি আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ইতিহাস বাংলাদেশের মানুষের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। ক্যাটাগরি-৫ মাত্রার এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারান হাজার হাজার মানুষ।
এর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। ইতিহাসের এই দুই ভয়াবহ দুর্যোগের কারণে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে উপকূলীয় এলাকায় বাড়তি সতর্কতা তৈরি হয়।
এবারও নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো নিশ্চিত নয়।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ‘১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।’
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পর্যবেক্ষণের ওপর পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে।



