জাতীয়

‘বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে’—শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান

আজ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি শিশু-কিশোরদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও নিয়মিত খেলাধুলার পাশাপাশি আত্মগঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি শিশুদের পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলা, নদী-খাল ও আশপাশ পরিষ্কার রাখা, প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো এবং পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান কিংবা সৃজনশীলতার মতো যেকোনো ক্ষেত্রে শিশুদের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।

অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক খবরের পাশাপাশি শিশুদের অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ তারাই দেশের প্রকৃত ভবিষ্যৎ।

এর আগে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক-বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ক্যাটাগরি