বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটার তালিকায় থাকা ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।
শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল। এর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় আগে থেকেই বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নির্ধারিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শপথগ্রহণ সম্পন্ন হয়।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




