রাজধানী

বাণিজ্য বিনিয়োগের নতুন সম্ভাবনাময় গন্তব্য হতে পারে জিবুতি’

বাণিজ্য বিনিয়োগের নতুন সম্ভাবনাময় গন্তব্য হতে পারে জিবুতি। আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জিবুতির অনাবাসী রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়েহ ইসে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জিবুতি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাণিজ্যে নতুন মাত্রা পেতে আফ্রিকার দেশ জিবুতি বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এবং জিবুতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ কাজে লাগানোর সম্ভাবনায় এ সংবাদ সম্মেলন।

এসময় রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়ে ইসে বলেন, ‘জিবুতি বাংলাদেশের প্রতিযোগী নয়, অংশীদার হতে চায়। তাহলে উভয়পক্ষই লাভবান হবে। জিবুতি ভূকৌশলগতভাবে অত্যন্ত আকর্ষণীয় অবস্থানে রয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাণিজ্যিক প্রবেশদ্বারে অবস্থান হওয়ায় এবং দেশটিতে অবকাঠামোগত ও নিরাপত্তার সুবিধা থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য জিবুতি আকর্ষণীয় গন্তব্য হতে পারে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশে জিবুতির অনারারি কনসাল আবদুল হক বলেন, ‘রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের বিনিয়োগকারীরা জিবুতির অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর ছাড়ের সুবিধা ও উৎপাদনের অনুকূল পরিবেশ কাজে লাগাতে পারেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের পাশাপশি আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে জিবুতির অনারারি কনসাল ও বারভিডার সভাপতি আবদুল হকসহ বাংলাদেশের তৈরি পোশাক খাত, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, ওষুধ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খাতের ব্যবসায়ী নেতারা।

ক্যাটাগরি