বাবাকে শেষ বিদায় জানালেন মেসি, শ্রদ্ধা জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। রোববার সকালে আর্জেন্টিনার রোসারিওর ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে হোর্হের শেষকৃত্য সম্পন্ন হয়।
শনিবার রোসারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে মেসি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে রোসারিওতে যান। সেখানে তিনি মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে শেষকৃত্যে অংশ নেন।
পরিবারের ব্যক্তিগত সময় ও গোপনীয়তা নিশ্চিত করতে কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়। মেসিকে সমর্থন জানাতে কয়েকজন ভক্ত কবরস্থান ও রোসারিও বিমানবন্দরের কাছে ব্যানার ও বার্তা নিয়ে উপস্থিত হন। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংগঠনটির পক্ষ থেকে ফুলের তোড়াও পাঠানো হয়। এ ছাড়া আর্জেন্টিনার পেশাদার ও যুব ফুটবলের ম্যাচ শুরুর আগে হোর্হের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়।
মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হের স্মৃতিচারণ করেছে। ক্লাবটি পুরোনো একটি ছবি প্রকাশ করে জানায়, মেসির ফুটবলের শুরুর দিনগুলোতে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ক্লাবটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মাত্র চার বছর বয়সে এই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল মেসির। তাই হোর্হে শুধু মেসির বাবা নন, তার ফুটবলজীবনের শুরুর পথচলারও গুরুত্বপূর্ণ একজন সঙ্গী ছিলেন।
দীর্ঘদিন অসুস্থতার জটিলতায় রোসারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’তে চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে মারা যান হোর্হে মেসি।
এফ বার্তা/ এইচ



