জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
রান তাড়ায় উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে দেয় টাইগ্রেসরা।
তবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি সাথী রানি। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন দিলারা।
দিলারা ৬৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি দলটি। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। ১২ রান করা ওপেনার বিলাভড বিজাকে ফিরিয়ে দেন তিনি। পরের ব্যাটার শের্ন মেয়ার্স রানের খাতা খুলতে পারেননি। অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।
চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান চিপো মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমো। ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। আর এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান।
এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি শিকার করেন ৩ উইকেট। দিশা বিশ্বাস নেন ২ উইকেট এবং রিতুমনি পান ১ উইকেট।
পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা।



