খেলাধুলা

৮৯ রানেই অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের হার

ছবি- ক্রিকইনফো

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে শুভমান গিলের দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। অন্যদিকে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ করেছে নিউজিল্যান্ড।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে উইল ইয়ংয়ের দুর্দান্ত ১২৫ এবং টিম সেইফার্টের ৫৮ রানের ইনিংসে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে ভারত।

ইনিংসের প্রথম ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ফলে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চার উইকেট হারানোর বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীর করেন ২১ রান করে। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লের নির্ধারিত সময়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। মাত্র ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি হেনরির ক্যারিয়ারসেরা বোলিং। কিউই পেসারদের মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড অবশ্য শেন বন্ডের দখলে। ২০০৩ সালে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সেবার ২৪৫ রানে হেরেছিল দলটি। এবার ২৪৪ রানের পরাজয়ে সেই বিব্রতকর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছে ভারত।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিল কিউইরা। ভারতের বিপক্ষে বড় এই জয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিজেদের আধিপত্যও প্রতিষ্ঠা করল স্বাগতিক নিউজিল্যান্ড।

ক্যাটাগরি