অর্থনীতি

বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করা ডলারের ১৫ শতাংশ রাখতে পারবেন ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত
বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে কার্ডের মাধ্যমে আয় করা বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণ করতে পারবেন ব্যবসায়ীরা। এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও আসবে।

বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ বাংলাদেশি টাকায় নগদায়ন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা।

নতুন এ সুবিধার ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক মুদ্রায় ব্যয় মেটানোর সুযোগ বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে লেনদেন সহজ হলে বিদেশি পর্যটকদের কেনাকাটা ও সেবা গ্রহণের প্রক্রিয়াও আরও সুবিধাজনক হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিদেশি পর্যটকদের চাহিদা রয়েছে—এমন পণ্য ও সেবা বিক্রি করা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রয়োজনে ডলারের দরকার হয়। নতুন নিয়মের ফলে এসব প্রতিষ্ঠান অর্জিত বৈদেশিক মুদ্রার নির্ধারিত অংশ সংরক্ষণ করে প্রয়োজনীয় বৈধ বৈদেশিক ব্যয় মেটাতে পারবে।

তবে এ সুবিধার আওতায় অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশই সংরক্ষণ করা যাবে। এর বেশি বৈদেশিক মুদ্রা নিজেদের হিসাবে রাখার সুযোগ থাকবে না।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে লেনদেন বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

ক্যাটাগরি