জাতীয়

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সমালোচনা ‘হঠকারিতা’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সরকারের সমালোচনাকারীদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংকট নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হঠকারিতা। একই সঙ্গে সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’

তিনি বলেন, দেশে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তবে অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যদি তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা দিতে পারে, তাহলে সরকার তা গ্রহণ করবে। আর তা না পারলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, জনগণের উপকার হয়—এমন কোনো পরিকল্পনা থাকলে তা সরকারের সামনে উপস্থাপন করা উচিত। রাস্তায় বসে ভাঙচুর ও উসকানির রাজনীতির দিন শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সমালোচনা করা সহজ; তবে দেশের মানুষের জন্য বাস্তব কাজ করতে হবে। এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের জন্য কাজ করা। ‘আমি কী পেলাম সেটা বড় নয়, বরং জনগণের জন্য কী করতে পারলাম, সেটাই বড়’—বলে মন্তব্য করেন তিনি।

এফ বার্তা /এইচ

ক্যাটাগরি