জাতীয়

ভিসার নামে প্রতারণা: বাংলাদেশিদের সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে প্রতারণা বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র।

হাইকমিশনের মতে, প্রতারকরা ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে টাকার বিনিময়ে ভারতীয় ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে। এ ধরনের কোনো যোগাযোগের সঙ্গে ভারতীয় হাইকমিশনের কোনো সম্পর্ক নেই।

সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা অন্য কোনো ব্যক্তিগত ও আর্থিক তথ্য অপরিচিত ব্যক্তির কাছে না দেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণসহ visa.dhaka@mea.gov.in ঠিকানায় অভিযোগ পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। পাশাপাশি ভিসাপ্রত্যাশীদের সচেতন থাকার এবং অন্যদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি