ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মাসে দিতে হবে দাখিলপত্র

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন আনছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার নয়, প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করা হচ্ছে।
নতুন নিয়মে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে।
তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
অর্থাৎ, এসব প্রতিষ্ঠান ও শূন্য রিটার্নদাতাদের জন্য ভ্যাট রিটার্ন জমার সময়সীমা হবে ২০ দিন।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই দাখিলপত্র পেশের বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
নতুন নিয়ম কার্যকর হলে কর মেয়াদভিত্তিক ভ্যাট রিটার্ন জমার মাধ্যমে রাজস্ব আদায় ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও নিয়মিত করার সুযোগ তৈরি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



